কুমিল্লায় কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলে করে ফেন্সিডিল পাচারকালে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ২০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। রবিবার ভোর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় র্যাব এ অভিযান চালায়।
র্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কাভার্ড ভ্যানে করে ঢাকার উদ্দেশ্যে ফেন্সিডিলের একটি বড়ো চালান যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছার পর র্যাবের দল একটি কাভার্ড ভ্যান ও মোটর সাইকেল থামিয়ে এতে তল্লাশি চালায়। এসময় উক্ত কাভার্ড ভ্যান ও মোটর সাইকেল থেকে ২০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় এবং ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হচ্ছে- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজবল্লভপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো. সবুজ (২৮), জেলার নাঙ্গলকোট উপজেলার নারায়ণ বাতুয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ইসরাফিল (২৭) ও একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে শাকিল (১৯)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে- তারা দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআরএম