সেনবাগে উদ্ধার কঙ্কালটি নিখোঁজ কিশোর রনির দাবি পরিবারের

নোয়াখালীর সেনবাগ থেকে উদ্ধার করা কঙ্কালটি দেড় মাস আগে নিখোঁজ ইব্রাহিম প্রকাশ রনির (১৬) বলে দাবি করেছেন তার পরিবার। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের আজম নগর পপুলার বিস্কুট ফ্যাক্টরি সংলগ্ন মেঘনা ব্রিক ফিল্ডের পরিত্যক্ত একটি লেবার সেড থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। বিষয়টি সুরাহা করতে উদ্ধার কঙ্কালটির ফরেনসিক এবং দাবি করা পরিবারের মধ্যে এক ভাইয়ের ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করছে সেনবাগ থানা পুলিশ।

রনির বাড়ি পাশের বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে। সে ওই গ্রামের মো. বাহার আলীর ছেলে। নিখোঁজের বিষয়ে গত ২২ সেপ্টেম্বর রনির ভাই আল আমিন বেগমগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেছিলেন। 

ভাই আল আমিনের দাবি, তাদের প্রতিবেশী এরশাদ, নুরনবী, জহিরুল ইসলাম বাবু, নুরুল আমিন, আবদুল মুন্নাফ ও আবদুর রহিমের সঙ্গে তাদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল।  রনির মৃত্যুর ঘটনায়  তারা জড়িত থাকতে পারে। 

কঙ্কাল উদ্ধারের পর নিখোঁজ রনির বাবা বাহার আলী বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে শনিবার (৩১ অক্টোবর) রাতেই সেনবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা রবিবার ইত্তেফাককে জানান, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

ইত্তেফাক/এসি