পরকীয়ার জের ধরে ঈশ্বরদীতে ইছাহক আলী ইছা (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইছা। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইছাহক ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের সিভিলহাট এলাকার দুলাল হোসেনের ছেলে। সিভিলহাট তালতলা মোড়ে ইছার কাপড় ও টেইলার্স ব্যবসা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাঁড়ার ব্লকপাড়া এলাকার এ বিধবা নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল ইছার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীর সাথে দেখা করতে গিয়ে একসাথে ঘরে কিছু সময় কাটায়। এক পর্যায়ে ইছার সাথে খালেদার কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির আওয়াজ বাইরে গেলে স্বজনরা ইছার উপস্থিতি টের পায়। এক পর্যায়ে খালেদার ভাই রবিউল (২৮) লাঠি দিয়ে তাকে বেধড়ক মেরে গুরুতর আহত করে। আহত অবস্থায় ইছাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার গভীর রাতে ইছা মারা যায়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পুলিশ আসামি গ্রেফতারের জন্য তৎপরতা চালাচ্ছে। রাতেই খালেদাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইছার পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/বিএএফ