বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে বিতর্ক থাকতে পারে না

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমরা যারা রাজনীতি করি সে জায়গায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আছি; আমাদের পছন্দের লেখক, সাহিত্যিক ও সাংবাদিক আছে, নেতৃত্বে পছন্দ-অপছন্দ এবং রাজনৈতিক দলের পছন্দ-অপছন্দ থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে নিয়ে  যারা বিতর্ক করে তারা বাংলাদেশকে ধারণ করতে পারে না; তাদের ধারণ করতে কষ্ট হয়। এ জায়গাটায় আমাদেরকে সতর্কতার সাথে পথ চলতে হবে। 

 

রবিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রদর্শনী ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

 

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সৃষ্টির সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান ও ভূমিকা অনস্বীকার্য। ৯ মাস মুক্তিযুদ্ধ করে পাক হানাদারবাহিনীকে পরাজিত করে বিজয় লাভ করা আমাদের অহংকার। এ জায়গাগুলোকে আমাদের সমুন্নত রেখে চলতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার। তার উদারতা কিছু স্বার্থান্বেষী মহল গ্রহণ করতে পারেনি। সেজন্য বাংলাদেশকে অনেক মূল্য দিতে হয়েছে। 

আরো পড়ুন : মোহাম্মদপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন ডিআরইউ মুজিববর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি শাজাহান সরদার, বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ডিআরইউ মুজিববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক হাবীবুর রহমান, নারী বিষয়ক সম্পাদক ও ডিআরইউ মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য-সচিব রীতা নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য আহম্মেদ মুশফিকা নাজনীন। 

 

প্রতিমন্ত্রী ডিআরইউ-তে ‘বঙ্গবন্ধু কর্নার’ এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রদর্শনীর উদ্বোধন করেন। ডিআরইউ’র ‘২৫ বছরের পথচলার অ্যালবাম’; ডিআরইউ সদস্যদের লেখা বই, ডিআরইউ সদস্য সন্তানদের আঁকা বিভিন্ন ছবিও প্রদর্শনীতে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে ডিআরইউ সদস্যদের ১৫টি লেখা থেকে পরবর্তীতে বাছাই করে সেরা পুরস্কার দেয়া হবে। 

 

 

ইত্তেফাক/ইউবি