আলিম দারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

আম্পায়ার হিসেবে আরেকটি রেকর্ড নিজের করে নিলেন আলিম দার। ওয়ানডেতে সবচেয়ে বেশি ২১০ ম্যাচ পরিচালনার রেকর্ডটি এখন তার। পেছনে ফেললেন রুডি কোয়ের্টজেনকে।

গত শুক্রবার পাকিস্তান-জিম্বাবুয়ের প্রথম ওয়ানডেতে আম্পায়ার হিসেবে মাঠে নেমে দার স্পর্শ করেন কোয়ের্টজেনের ২০৯ ম্যাচ পরিচালনার রেকর্ড। রাওয়ালপিন্ডিতে গতকাল রবিবার দুই দলের দ্বিতীয় ওয়ানডে দিয়ে তিনি ছাড়িয়ে যান দক্ষিণ আফ্রিকার সাবেক এই আম্পায়ারকে।

এই দুই জন ছাড়া ২০০ ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন কেবল বিলি বাউডেন। ১৯৯৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত বরাবর ২০০ ওয়ানডে পরিচালনা করেন নিউজিল্যান্ডের এই আম্পায়ার। ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনর ১৮৪ ও অস্ট্রেলিয়ার ড্যারিল হার্পার ১৭৪ ম্যাচে আম্পায়ার ছিলেন।

আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আইসিসিকে আলিম দার বলেন, ‘আম্পায়ার হিসেবে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই শীর্ষে থাকতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। এই পেশা যখন শুরু করেছিলাম, কখনো কল্পনাও করিনি আমি এত দূর আসব। আমি স্রেফ বলতে পারি, মাঠের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আর এই সময়ে শেখার ব্যাপারটি ছিল চলমান প্রক্রিয়া।’