স্পোর্টস রিপোর্টার
ফুটবল দলবদল শুরু হলেও বসুন্ধরা কিংস খেলোয়াড় রেজিস্ট্রেশনের কাজ শুরু করেনি। তবে এই দলটি আবারও লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শক্তিশালী দল গড়ছে। তারা আনছে আর্জেন্টাইন ফুটবলার রাউল বেসেরাকে। আর্জেন্টিনাই নয় রাউলের নাগরিকত্ব আছে চিলির। আর্জেন্টিনায় জন্ম রাউল ম্যারাডোনার দেশে খেললেও চিলি কাতারেও খেলেছেন। কাতারের উমসালাল ক্লাবে খেলেছেন এ স্ট্রাইকার। মেসির সঙ্গে খেলা আর্জেন্টাইন হার্নান বারকোস চলে যাওয়ায় রাউলকে আনা হয়েছে। বারকোস ঢাকার মাঠে এএফসি কাপ ফুটবলে মালদ্বীপের ক্লাবের বিপক্ষে এক ম্যাচেই চার গোল করে দ্যুতি ছড়িয়েছিলেন। কিন্তু রাউল সেটা পারবেন কি না, ম্যাচ না দেখে বলা যাবে না। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান অবশ্য জহুরি, প্লেয়ার চেনেন। আনবেন যখন ভালো ফুটবলারই আনতে চান তিনি। যেন দেশের ফুটবল দর্শক খেলা দেখে আনন্দ পায়। তিনি বললেন, ‘নাম্বার নাইন পজিশনে খেলবেন রাউল। এখন কাতারে আছেন তিনি। ভিসা পেলে ঢাকায় চলে আসবেন। আর কেমন খেলবে সেটা মাঠে দেখলে বুঝা যাবে।’ রেজিস্ট্রেশন হবে বাংলাদেশ-নেপাল ম্যাচের পর। বসুন্ধরা কিংসের ১২ জন ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন।