মৌসুম শুরুর বাজে সময়কে পেছনে ফেলে নিজ নিজ লিগের শীর্ষে ফিরেছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। ফরাসি লিগে নঁতেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। গোলশূন্য প্রথমার্ধের পর আন্দার হেরেরা, কিলিয়ান এমবাপে ও পাবলো সারাবিয়ার লক্ষ্যভেদে সহজ জয় নিশ্চিত করে শিরোপাধারী দলটি। চোটের কারণে নেইমার ও নিষেধাজ্ঞার কারণে আনহেল ডি মারিয়া ছিলেন না এ ম্যাচে। নঁতের বিপক্ষে এ জয়ের ফলে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে কোচ থমাস টুখেলের দল। এদিকে বুন্ডেসলিগায় থমাস মুলার ও সের্জ গেনাব্রির গোলে এফসি কোলোনকে ২-১ ব্যবধানে হারিয়ে বরুসিয়া ডর্টমুন্ডকে টপকে তালিকার শীর্ষে ফিরেছে বায়ার্ন।