সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগে স্বামী তাজুল ইসলামকে (৫০) হত্যার অভিযোগে দ্বিতীয় স্ত্রী রোজিনা আক্তারকে (৩০) শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাজুল পেশায় একজন অটোরিকশা ব্যবসায়ী। তিনি কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের জমদার বাড়ির আনোয়ার উল্যার ছেলে। সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাজুল উপজেলার কানকিরহাট বাজারের আরএস টাওয়ারের চতুর্থ তলায় ভাড়াবাসায় থাকতেন। গত ২৮ অক্টোবর তাজুলকে গুরুতর আহত অবস্থায় বিল্ডিংয়ের পেছনে পাওয়া যায়। তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নিলে শনিবার রাতে তার মৃত্যু হয়। মৃতের স্বজনদের দাবি, দ্বিতীয় স্ত্রী তাকে চার তলা থেকে ফেলে হত্যা করে। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।