ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

আটক ১

আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা

আটঘরিয়ায় শনিবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত অটোভ্যানচালক মোবারক হোসেন দুলাল (৩৫) উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। এ ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটঘরিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ঘটনার সময় চাটমোহর থেকে যাত্রীবেশে অটোভ্যান ভাড়া করে তিন জন ছিনতাইকারী আটঘরিয়ায় যাচ্ছিল। পথে উপজেলার ভরতপুর উত্তরপাড়া গ্রামে পৌঁছামাত্র অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মোবারক হোসেন দুলালকে ছুরিকাঘাত করে। তার চিত্কারে এলাকাবাসী গিয়ে অটোভ্যানচালককে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়। আটক নাসিরকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।