কলেজশিক্ষক হত্যা মামলায় গ্রেফতার ২
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কলেজশিক্ষক অরুণ রায় হত্যার ঘটনায় গ্রেফতার দুই জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। রবিবার পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এ তথ্য জানান। তিনি বলেন, চাঞ্চল্যকর কলেজশিক্ষক (অব.) অরুণ রায় হত্যার ঘটনায় পুলিশ ৩০ অক্টোবর রাতে সদরের বেনাহাটি গ্রাম থেকে নরোত্তম দত্তের ছেলে একাদশ শ্রেণির ছাত্র রাজু দত্তকে এবং শনিবার সকালে যশোরের বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের দোগাছি গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে আলম সাধুর চালক দিপু বিশ্বাসকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গত ২৩ অক্টোবর রাতে নড়াইল সদর থানা পুলিশ সদর থানার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক অরুণ রায়ের গলাকাটা লাশ উদ্ধার করে।