সূচকের বড় উত্থান হলেও কমেছে লেনদেন

শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। তবে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহসূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে। সব সূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ৮১টি এবং ৭৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এ বাজারে লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৬৩ কোটি ৩৫ লাখ টাকা। সেই হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৭৮ কোটি টাকা।

গতকাল টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা শেয়ার। কোম্পানিটির ৭৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসেফিক ইনসিওরেন্সের ৩৪ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ২০ কোটি ৫৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ টাকা।