কালীগঞ্জে গলায় গামছা পেঁচিয়ে বৃদ্ধকে হত্যার চেষ্টা!

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের জয়রামবের গ্রামে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে পল্লি চিকিত্সক সুভাষ দেউরিকে (৮৮) মুখে গামছা গুঁজে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে। আর এ অভিযোগ উঠেছে বিমল সিকদার (৫০) নামের এক মাদক কারবারি ও সন্ত্রাসীর বিরুদ্ধে। রবিবার সকালে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন সুভাষ দেউরির ছোট ছেলে অলড্রিন দেউরি। এর আগে অলড্রিন দেউরি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক। এ ব্যাপারে ওসি এ কে এম মিজানুল হক বলেন, পল্লি চিকিত্সককে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।