বাজার সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ

ইত্তেফাক রিপোর্ট

বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য, হত্যা, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল রবিবার সচিবালয়ের সামনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য দেখে মনে হচ্ছে—মুনাফাখোররা যেন সরকার চালাচ্ছে। দেশের মানুষকে তারা জিম্মি করে ফেলেছে। সরকারের মধ্যে তারা আরেক সরকার কায়েম করেছে। স্বল্প আয়ের সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাম জোটের সমন্বয়ক সিপিবির নেতা আবদুল্লাহ আল কাফি রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী ও আকবর খান।