প্রতি ১০ লাখে শনাক্ত ২৪০৩, মৃত্যু ৩৫ জনের

দেশে প্রতি ১০ লাখে এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত ২ হাজার ৪০৩ দশমিক ০৩ জন। সুস্থ হয়েছেন প্রতি ১০ লাখে ১ হাজার ৯১৩ দশমিক ৮৪ জন এবং প্রতি ১০ লাখে মারা গেছেন ৩৪ দশমিক ৮৮ জন। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে মারা গেছেন আরো ১৮ জন। আর ১ হাজার ৫৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯ হাজার ২৫২ জন। আরো ১৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৭৯৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩টি ল্যাবে ১২ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী তিন জন।