স্বাস্থ্যবিধি অনুসরণ করে এখন থেকে প্রতিদিন ২০ হাজার লোক পবিত্র কাবায় ওমরাহ পালন করতে পারবে এবং ৬০ হাজার লোক মসজিদুল হারামে নামাজ আদায়ের সুযোগ পাবে। গতকাল রবিবার থেকে বিদেশিরা ওমরায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। ইতিমধ্যে ১০ হাজার বিদেশি ওমরাহ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছে। করোনার প্রকোপ কমে আসায় মক্কার মসজিদুল হারাম ও ওমরাহর কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। ইতিমধ্যে শনিবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীরা সৌদি আরব পৌঁছাতে শুরু করেছে।
সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওমরাহর তৃতীয় পর্যায়ের প্রথম পর্বে মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া ও পাকিস্তানের নাগরিকরা ভিসা পেয়েছে। বাংলাদেশসহ অন্য দেশগুলোও দ্রুত ভিসা পাবে বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে যেসব দেশে করোনার প্রকোপ কমেছে এবং সৌদি আরবের সঙ্গে বিমান চলাচল শুরু হয়েছে তারা অগ্রাধিকার পাবে। সৌদি আরবের অনুমোদিত ৫৩১টি ওমরাহ কোম্পানি পুরোপুরি প্রস্তুত ওমরাহর যাত্রীদের সেবাদানের জন্য।
এদিকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোনো ওমরাহকারী কোভিডে আক্রান্ত হয়নি। তার পরও তারা সতর্কতা বজায় রেখেছে। মসজিদুল হারাম ও মসজিদে নববি পরিচালনা পরিষদের মুখপাত্র হানি হায়দার জানান, জেনারেল প্রেসিডেন্সি বিভাগ তৃতীয় ধাপে ওমরাহযাত্রী ও মুসল্লিদের অংশগ্রহণের জন্য স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিদেশিদের ওমরাহ পালনের বেশ কিছু নির্দেশনা প্রকাশ করেছে সৌদি সরকার। নির্দেশনাগুলো হলো : এক. ওমরাহ পালনে মক্কায় যাওয়ার আগে কোনো নিবন্ধিত ওমরাহ কোম্পানি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরার আবেদন সম্পন্ন করতে হবে। দুই. করোনাকালে ওমরাহ পালনের জন্য কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সের লোক ওমরাহ পালনের সুযোগ পাবে। তিন. ওমরাহ যাত্রীদের পিসিআর পরীক্ষায় সম্পন্ন করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে। নিজ দেশের নির্ভরযোগ্য কোনো ল্যাব থেকে দেশ ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে হবে। চার. সৌদি আরব পৌঁছে সব ওমরাহযাত্রীকে হোটেলে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাঁচ. ওমরাহ পালনকারীর পাসপোর্টের সব তথ্যের সত্যতার বিষয়ে সংশ্লিষ্ট ওমরাহ কোম্পানিকে দায়ভার গ্রহণ করতে হবে। ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও আবাসনের তথ্যসহ সব তথ্য সৌদিতে পৌঁছার ২৪ ঘণ্টা আগে প্রদান করতে হবে।