ফরাসি ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি হেবদোতে বিতর্কিত কার্টুন প্রকাশের ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন করে এবং তার উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় রবিবার বিকালে ক্ষুব্ধ জনতা কোরবানপুর গ্রামে স্থানীয় পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্ট্যাটাস প্রদানকারীর বাড়ির ছয়টি ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, স্ট্যাটাস প্রদানকারীর বিরুদ্ধে গতকাল স্থানীয় কোরবানপুর হাইস্কুল মাঠে সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু ইউপি চেয়ারম্যান না আসায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িতে আগুন দেয়। বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান সাংবাদিকদের জানান, উত্তেজিত জনতা ঐ দুইটি বাড়িতে গিয়ে ভাঙচুর করে এবং অন্তত ছয়টি ঘর আগুন দিয়ে দেয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল-আহসান জানান, স্ট্যাটাস প্রদানকারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আগুনের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।