আমাদের মণিমুক্তা হারিয়ে ফেলছি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমার মনে হয়, একেকটা মণিমুক্তা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এটা পূরণ হচ্ছে কি না—তা নিয়ে আমি সন্দিহান। তিনি বলেন, আইনের এমন কোনো শাখা নাই যেখানে ব্যারিস্টার রফিকের বিচরণ ছিল না। আইনের প্রত্যেক শাখা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পড়লে তার নাম পাওয়া যায়। তিনি সুপ্রিম কোর্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের পরিবারের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি বলেন, দোয়া মাহফিলে স্বল্প সময়ে রফিক-উল হকের বিশদ আলোচনা করা সম্ভব নয়। তার জন্য পৃথক একটি আলোচনার অনুষ্ঠান করতে হবে। যেখানে দীর্ঘ সময় তার জীবনী নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, প্রয়াত এসব বিশিষ্ট আইনজীবীকে আমরা যদি স্মরণ না করি তাহলে আমরা নিজেদের হেরিটেজ (ঐতিহ্য) রক্ষা করতে পারব না। আমাদের একটা গৌরবময় সময় ছিল সেটি আমরা তুলে ধরতে পারব না।

ব্যারিস্টার রফিক-উল হকের ভাই মঞ্জুর-উল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি এমদাদুল হক আজাদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ।