যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা ফাউচির, ক্ষুব্ধ হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাতকারে এমন শঙ্কা প্রকাশ করেন ফাউচি। 

 সাক্ষাতকারে ফাউচি বলেন, করোনায় পুরো মার্কিন জাতি ক্ষতিগ্রস্ত। এটা ভালো পরিস্থিতি না। অবিলম্বে ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখের বেশি করোনা রোগী শনাক্ত হতে পারে।  

সাক্ষাতকারে করোনা নিয়ে  দুই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন ফাউচি ।   ফাউচি বলেন, ট্রাম্প এটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। তিনি অর্থনীতি এবং পুনরায় দেশের সকল কিছু চালু করার ওপর জোর দিচ্ছেন। অপরদিকে বাইডেন জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটি গুরুত্ব দিয়েছেন।   

  এদিকে ফাউচির এমন সাক্ষাতকারের পর তা নিয়ে সমালোচনা করেছে হোয়াইট হাউজ। একটি বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, ফাউচির বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি সকল নিয়ম ভঙ্গ করেছেন। নির্বাচনের তিন দিন আগে তিনি রাজনীতি নিয়ে খেলছেন। 

করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৯৪ লাখ ৭৩ হাজার ৯১১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩৬ হাজার ৪৭১ জন। 

ইত্তেফাক/এআর