বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব নির্বাচিত সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সদস্য আবদুল ওয়াদুদ পিন্টুকে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন। রবিবার দুপুরে জেলা শহর মাইজদীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সদরের এমপি একরামুল করিম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সামসুল হাসান মিরন ও সদস্য গোলাম জিলানী দিদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসব কান্তি সরকার।
আরো পড়ুন: ঈশ্বরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব রেখে নির্বাচিত বাফুফের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী এমপি বলেন, নিজ জেলায় এ ধরণের আয়োজনে তার সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। এমন আশ্বাস প্রদান করেন তিনি।
এ সময় বাফুফের নবনির্বাচিত সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন,জেলায় জেলায় প্রশিক্ষিত কোচ নিয়োগ দিয়ে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে। আর ফুটবলকে তৃণমূল পর্যায়ে পুনর্জীবিত করার জন্য আট ঊর্ধ্ব বয়সীদের প্রশিক্ষণের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এর আগে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদেরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
ইত্তেফাক/এএএম