‘ভিউয়ের নেশায় কেউ সত্যতা যাচাই করি না’

বিনোদন রিপোর্ট

 

তাহসান খান। সংগীতশিল্পী ও অভিনেতা, দুই পরিচয়ে তিনি সমান জনপ্রিয়। সম্প্রতি নতুনরূপে দেখা গেল তাকে। সম্প্রতি ‘ফর দ্য লাভ ফুড’ শিরোনামে রান্নার এক অনুষ্ঠানে রন্ধনশিল্পী হিসেবে আবিষ্কৃত হলেন এই তারকা। অনুষ্ঠানটি প্রচার হয় এনটিভিতে। রন্ধন শিল্পের চ্যালেঞ্জকে নিপুণভাবেই সামাল দিয়েছেন তিনি। রান্না শোতে আসা প্রসঙ্গে তাহসান বলেন, ‘রন্ধনশিল্পী হিসেবে পেতে যাচ্ছে ব্যাপারটা এ রকম না। রান্না করা একটি শিল্প, সেই শিল্পে আমি এতটা পাকাপোক্ত নই। হ্যাঁ, তবে মাঝে মাঝে অবসর সময়ে পছন্দের খাবার রান্না করতে ভালো লাগে। সাধারণত কোনো শোতে গেলে কথাবার্তা বলে গান শুনিয়ে চলে আসি। কিন্তু ‘ফর দ্য লাভ অব ফুড’ শোতে নিজের হাতে পিত্জা তৈরি করে খেতে হয়েছে। এসময় চিজ রেস্টুরেন্টের শেফ জামাল ভাই সহযোগিতা করেছেন।’ অনুষ্ঠানটি পরিচালনা করেন নুহাশ হুমায়ুন।

রান্নার আলাপের পাশাপাশি বর্তমান গণমাধ্যমে সংবাদ প্রচারের প্রতিযোগিতায় তারকাদের বিব্রত প্রসঙ্গ নিয়ে তাহসান বলেন, ‘কিছু অনলাইন পোর্টাল তাদের ভিউ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলেই মিথ্যা তথ্য নিয়ে নিউজ করে। ইউটিউব ভিউয়ের যেমন প্রতিযোগিতা চলছে তেমনি সংবাদের ভিউয়েরও প্রতিযোগিতা চলছে। ভিউয়ের নেশায় কেউ সত্যতা যাচাই করি না। এতে অনেক দশর্ক-শ্রোতা বিভ্রান্ত হন। এতে আমরা বিব্রতকর অবস্থায় পড়ি।’