মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তা

কিছুদিন আগে মাশরাফি বিন মুর্তজা নিজেই বলেছিলেন, তিনি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টটা খেলতে চান। কিন্তু দুটি ব্যাপার তাকে অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। প্রথমত, তিনি নিজে একটা ইনজুরিতে ভুগছেন। দ্বিতীয়ত, ইনজুরির মাত্রা নির্ণয় ও চিকিত্সার জন্য বাসা থেকে বের হতে পারছেন না। কারণ, তার দুই সন্তান করোনায় আক্রান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য ভিডিও কনফারেন্সে হলেও তার ইনজুরির অবস্থা বোঝার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই আর খেলার ভেতর নেই মাশরাফি। তবে এর মধ্যে নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। আর এই কাজ করতে গিয়েই মিরপুরের একটা মাঠে দৌড়াচ্ছিলেন। সেখানে একটা চোট পেয়েছেন তিনি।

বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল, এই চোটের স্ক্যান করিয়ে চিকিত্সা শুরু করতে। কিন্তু সমস্যা হলো স্ক্যান করাতে বাসা থেকে বের হতে পারছেন না তিনি। পরিস্থিতি বর্ণনা করে বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলছিলেন, ‘আমরা ঠিক বুঝতে পারছি না যে, ওর আসলে কী অবস্থা। কারণ, সে তো বাসা থেকে বের হতে পারছে না। তাকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।’

তবে বিসিবি বসে নেই। জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো ভিডিও কনফারেন্সে মাশরাফিকে দেখে তার অবস্থা বোঝার চেষ্টা করেছেন। দেবাশীষ জানালেন, ‘ফিজিও মাশরাফির সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে। বোঝার চেষ্টা করেছে, ওর ঠিক কী অবস্থা। এটা ঠিক যে, ক্লিনিক্যালি দেখতে পারলে ভালো হতো। বোঝা যেত, কী অবস্থা। তারপরও আমরা দেখতে চাচ্ছি, ওর ফিট হতে কেমন সময় লাগবে।’