নেপালের বিপক্ষে ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপে এবং এসএ গেমস ফুটবলে হেরেছে বাংলাদেশ। শেষ দুইবারের মুখোমুখিতে দুই হারের কথা ভুলে যাননি বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া। আগামী ১৩ ও ১৭ নভেম্বর ফিফা প্রীতি ম্যাচে আবারও বাংলাদেশ-নেপাল মুখোমুখি হবে ঢাকায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে। বাংলাদেশের ফুটবলাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠেই অনুশীলন করছেন। আন্তর্জাতিক ফিফা ম্যাচ দুটি নিয়ে গতকাল অনুশীলনের পর কথা বললেন অধিনায়ক জামাল ভুইয়া। দল নিয়ে তিনি নানা কথা তুলে আনলেন। ম্যাচ খেলতে ফিটনেস দরকার কিন্তু দলের ৩৪ ফুটবলারের পুরোপুরি ফিটনেস নেই। কিছু কিছু ফুটবলারের ফিটনেস থাকলেও সবাই প্রস্তুত রয়েছে এমন কথা বলতে পারছেন না ডেনমার্ক হতে বৃহস্পতিবার ঢাকায় ফেরা জামাল ভুইয়া। ফিটনেস যেমনই হোক জামালদের মনের মধ্যে নেপালকে হারানোর ক্ষুধাটা ভালোই মনে হলো, জামালের কণ্ঠে কথা শুনে। জামাল কাল বলছিলেন, নেপালকে না হারাতে পারলে তোমরাই (সাংবাদিক) বলবে ঐ মিয়া তোমরা হারো কেন।
জামালের কথায় বেশ ঝাঁজ আছে মনে হলো। ম্যাচ জেতার জন্য তার মধ্যে দৃঢ়তা বেশ শক্তিশালী। জামাল বললেন, ‘আমরা ম্যাচ জয়ের জন্য ক্ষুধার্ত। আপনারা খেয়াল করলে দেখবেন। আমরা দুই বার হেরেছি। এখন দলের অবস্থা যেমনই হোক ম্যাচ হারলে বলা হবে কী হচ্ছে এসব। আমাদের সব খেলোয়াড়ের মনের মধ্যে নেপালকে হারানোর একটা ক্ষুধা রয়েছে। আমরা সবাই জিততে চাই। আমাদের জিততে হবে।’
ম্যাচ জিততে ফিটনেস থাকতে হবে। কিন্তু ফিটনেস নিয়েই যত দুশ্চিন্তা অধিনায়কের। জামাল বললেন, ‘আমরা আজকে (গতকাল) প্র্যাকটিস ম্যাচ খেলেছি। যদি সত্যি কথা বলি তুলনায় বসুন্ধরার প্লেয়াররা ফিট। কিন্তু সবাই পুরো টিমটা ফুল ফিট না। অনেক প্লেয়ারের সমস্যা। আরো কাজ করতে হবে। অনেক দিন পর প্লেয়াররা প্র্যাকটিসে নেমেছে। ফিটনেস না থাকারই কথা।’
জামালের মতো প্রবাসী ফুটবলার ফিনল্যান্ড হতে আসা তারিক কাজী সম্পর্কে জামাল বলেন, ‘তারিক নতুন এসেছে। তাকে আরো আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়েছেন জামাল। বলেছেন, ‘কেউ যদি অনেক দিন জাতীয় দলে খেলে তার জন্য পারফরম্যান্স করা যতটা সহজ, নতুন খেলোয়াড়দের জন্য ততটা সহজ হবে না। জড়তা থাকবেই।’
নেপাল প্রসঙ্গে প্রশ্ন উঠলেও অধিনায়ক জামাল বললেন, ‘আমি নেপাল সম্পর্কে এখন কিছু জানি না।’ নেপালে যোগাযোগ করে জানা গেছে, কোচ বালগোপাল মহারজন গত বৃস্পতিবার দলের অনুশীলন শুরু করেছেন। চার জন ফুটবলার করোনায় আক্রান্ত হলেও তাদের ছাড়াই নেপাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে পারে। নেপাল কবে ঢাকায় আসবে সেটা জানাতে পারেনি নেপালের সূত্র।