চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শেষবারের মতো গেল রবিবার মাঠে নামে চেন্নাই সুপার কিংস। তবে, মাঠে নেমেই মহেন্দ্র সিং ধোনি বলে দিলেন, এটা তার শেষ আইপিএল নয়। সাবেক ভারতীয় অধিনায়ক নিশ্চিত করলেন, ২০২১ সালের আসরেও খেলবেন তিনি।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে রবিবার টসের সময় ধারাভাষ্যকার ড্যানি মরিসন তো প্রশ্নই করে ফেললেন এ নিয়ে। জিজ্ঞেস করলেন, এই ম্যাচই চেন্নাইয়ের হয়ে তার শেষ ম্যাচ কি-না। ধোনির দ্বিধাহীন উত্তর, ‘অবশ্যই নয়।’
চেন্নাইও ধোনিকে এখনই ছাড়তে চায় না। এমনকি তাকে আগামী আসরেও নেতৃত্বে রাখতে চাওয়ার কথা কদিন আগে জানান ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ। এবার ধোনিও বললেন, দলটির হয়ে আরো খেলতে চান তিনি।
আইপিএলের শুরুর আসর ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। কিন্তু ২০১৬-১৭ আসরে চেন্নাইকে নিষিদ্ধ করা হলে সে সময় তিনি খেলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। পরে আবার দলটিতে যোগ দিয়ে এখনো আছেন তাদের সঙ্গে।
এদিকে, সাবেক ইংলিশ অধিনায়ক মনে করেন মহেন্দ্র সিং ধোনির মতো একজন ক্রিকেটারের শেষ আইপিএল ম্যাচটা ফাঁকা গ্যালারিতে হওয়া উচিত না। করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার আইপিএল চলছে সংযুক্ত আরব আমিরাতে, দর্শকশূন্য মাঠে। আইপিএলের আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়া ধোনির প্রসঙ্গে ভন বলেন, ‘পরের আইপিএলও যদি সংযুক্ত আরব আমিরাতে হয়, ধোনিকে আরো এক বছর খেলতে হবে। দর্শক ছাড়া তার আইপিএল ক্যারিয়ার শেষ হতে পারে না। পরের বছর প্রয়োজনে একটি ম্যাচ হলেও তাকে খেলতে হবে। দর্শক ভরা গ্যালারির সামনে যদি একজন ক্রিকেটারের বিদায়ও প্রাপ্য হয়, সেটা হচ্ছে সে। এমনও হতে পারে, সে যদি সত্যিই খেলতে না পারে, তাহলে হয়তো স্রেফ অদৃশ্য হয়ে যাবে এবং আন্তর্জাতিক ক্রিকেটের মতোই কিছু না জানিয়ে বিদায় নিয়ে নেবে। তবে আমি চাই, তার শেষ ম্যাচে অনেক দর্শক থাকুক।’
চলতি আইপিএলটা অধিনায়ক হিসেবে একদমই ভালো কাটেনি ধোনির। দল চেন্নাই সুপার কিংস ১৪টি ম্যাচ খেলে জিতেছে মাত্র ছয়টিতে।