অর্থসংকটে নর্থ বেঙ্গল সুগার মিলস

৬ হাজার ৫০০ টন চিনি গুদামে!

আখমাড়াই মৌসুম শুরুর আগেই বহুমুখী সংকটে পড়েছে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস। একদিকে অতিবৃষ্টির কারণে খেতে সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতায় আখের ফলন বিপর্যয় আর মিল জোনে অবৈধ পাওয়ার ক্রাশারে আখ মাড়াইয়ের কারণে চলতি ২০২০-২১ আখ মাড়াই মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে চাষিদের বিগত মৌসুমের পাওনা টাকা পরিশোধে ব্যর্থতা আর সময়মতো সার ও কীটনাশক দিতে না পারায় আখ চাষে নিরুত্সাহিত হচ্ছে কৃষক। ফলে আখ চাষের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও রয়েছে শঙ্কা।

নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা গেছে, ১ লাখ ৮২ হাজার টন আখ মাড়াই করে ২ লাখ ৬১ হাজার টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী ২০ নভেম্বর নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২০-২১ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হবে। এর আগেই ২৮৩টি অবৈধ পাওয়ার ক্রাশারে (যন্ত্রচালিত আখ মাড়াই কল) মিল জোন এলাকায় আখ মাড়াই শুরু হয়েছে। এ অবস্থা চলতে থাকলে কাঙ্ক্ষিত আখ পাবে না সুগার মিল। এতে বিগত মৌসুমে চাষিদের আখ আবাদের জন্য দেওয়া সাড়ে ৫ কোটি টাকার ঋণ আদায়ও হুমকির মুখে পড়বে। বিগত মৌসুমে উত্পাদিত ৬ হাজার  ৫০০ টন চিনি মিলের গুদামে মজুত রয়েছে। যার বাজারমূল্য ৩৯ কোটি টাকা। চিনি বিক্রি না হওয়ায় অর্থাভাবে আখচাষিদের সরবরাহকৃত আখের মূল্য সময়মতো পরিশোধ হয়নি। মিলে কর্মরতদের তিন মাসের বেতনও রয়েছে বকেয়া। মিলের কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আখ রোপণ মৌসুমে ২৮ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে অথচ সুগার মিলের কাছে বর্তমানে ইউরিয়া, টিএসপি, এমওপি সার ও কীটনাশক কোনো কিছুই নেই।

বাংলাদেশ আখচাষি ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সভাপতি আনছার আলী দুলাল জানান, সুগার মিলে আখ মাড়াই শুরুর মাত্র কয়েক দিন বাকি। অথচ নানা বিড়ম্বনার পর সবেমাত্র সোমবার বিগত মৌসুমে আখ সরবরাহের টাকা পেয়েছে কৃষক। আবার নতুন করে আখ চাষের জন্য সার কীটনাশক দিতে পারছে না মিল কর্তৃপক্ষ। এতে চাষিরা আখ চাষে আগ্রহ হারাচ্ছেন। মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবীর জানান, নর্থ বেঙ্গল সুগার মিলের চিনি বিক্রি না হওয়ায় আখচাষিদের পাওনা যেমন সময়মতো দেওয়া যায়নি, তেমনি মিলে কর্মরত কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীদের বেতন-ভাতাও পরিশোধ করা যাচ্ছে না। তিনি সুগার মিলে অর্থ সংকট ও রাসায়নিক সার, কীটনাশক না থাকার বিষয়টিও স্বীকার করেন।