বাগমারায় ট্রেনের নিচে কাটা পড়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫০)। সোমবার ভোরে বাড়ি থেকে আট কিলোমিটার দূরে উপজেলার বীরকুত্সা রেলওয়ে স্টেশনের পাশে তার খণ্ডিত লাশ ট্রেনের নিচে কাটা পড়া অবস্থায় উদ্ধার করা হয়।
রফিকুল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন জানান, তার স্বামী রবিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করেও পাননি। পরদিন সকালে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে মুঠোফোন ও পোশাক দেখে লাশের পরিচয় নিশ্চিত হয়ে বাড়িতে নিয়ে আসে। উপজেলার যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুর রহিম জানান, ট্রেনের নিচে কাটা পড়ে একজন মারা গেছেন বলে শুনেছেন। তবে ঘটনাস্থল তাদের এলাকায় হলেও এটা রেলওয়ে পুলিশ দেখভাল করে বলে জানান তিনি।