কুমিল্লায় নিখোঁজের তিন দিন পর সোমবার সকালে বিকাশ চন্দ্র বর্মণ (১৬) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার মুরাদনগর উপজেলা সদরের জেলে পাড়ার বাড়ির পাশের একটি পুকুর থেকে মুরাদনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে। সে জেলে পাড়ার প্রহল্লাদ চন্দ্র বর্মণের ছেলে। গত ৩০ অক্টোবর রাতে বিকাশ চন্দ্র বর্মণ বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপূজায় গিয়ে আর বাড়ি ফিরে আসেনি।
মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহমেদ বলেন, বিকাশ চন্দ্র বর্মণের গলায় কাটা দাগ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত চলছে এবং হত্যা রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।