সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি কারখানায় বকেয়া বেতন ও ভাতার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক অবরোধ করে। এসময় শ্রমিকদের মহাসড়ক থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ ও আনসার বাহিনী। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছে। সোমবার সকালে ডিইপিজেডের এ ওয়ান পোশাক কারখানার শ্রমিকদের সাথে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, করোনা ভাইরাসের প্রভাবসহ কাজ না থাকার কারণে ডিইপিজেডের এ ওয়ান লি. নামের তৈরি পোশাক কারখানাটির শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই গত এপ্রিল মাসে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকেই কারখানাটির শতশত শ্রমিক বিভিন্ন সময়ে বকেয়া বেতন ভাতার দাবী জানিয়ে আসছিল।
শ্রমিকরা জানান, সোমবার সকাল ৯টার দিকে এ ওয়ান লি. কারখানার শ্রমিকেরা ডিইপিজেডের মূল ফটকের সামনে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের উপর জড়ো হয়। এসময় তারা তাদের বকেয়া বেতন ও ভাতার দাবীতে বিক্ষোভ করতে থাকে এবং মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও আনসার সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে চাইলে শ্রমিকদের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় পুলিশ ও ডিইপিজেডের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা শ্রমিকদের উপর লাঠিচার্জ করলে জবাবে শ্রমিকরাও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে শিল্প পুলিশ ও আনসার সদস্যরা টিয়ার শেল নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।
কয়েকজন শ্রমিক বলেন, এপ্রিল মাসে কারখানা বন্ধ ঘোষণা করা হলেও তাঁদের বেতনসহ অন্যান্য ভাতা পরিশোধ না করায় তাঁরা নিয়ম অনুযায়ী চলতি মাস পর্যন্ত বেতন পাবেন। ডিইপিজেড কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়ে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করছে না। তারা অভিযোগ করেন, সকালে তাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভে পুলিশ ও আনসার সদস্যরা বিনা উসকানিতে হামলা চালিয়েছে।
ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আবদুস সোবাহান সাংবাদিকদের বলেন, সোমবার কারখানাটির নিলাম হওয়ার কথা ছিল। নিলামের থেকে প্রাপ্ত টাকা দিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আদালতের একটি স্থগিতাদেশের কারণে কারখানাটি নিলাম করা সম্ভব হয়নি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান বলেন, পোশাক শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক অবরোধ করে রাখলে পুলিশ বুঝিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইত্তেফাক/এমআর