সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার। অবশ্য এই টানা ঊর্ধ্বমুখী ধারায় ফেরার আগে শেয়ারবাজারে টানা পাঁচ কার্যদিবস দরপতন হয়।
আগের কার্যদিবসের মতো গতকালও লেনদেনের শুরুতেই মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার আভাস পাওয়া যায়। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেন শুরুর ৫০ মিনিটের মধ্যে ডিএসইর প্রধান সূচক ৪৭ পয়েন্ট পড়ে যায়। তবে শেষ দুই ঘণ্টার লেনদেনে কিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। এতে সূচকের বড় উত্থান থমকে দাঁড়ায়। এর পরও দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবসে সূচকটি বাড়ল ৮০ পয়েন্ট।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে ১ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় এক পয়েন্ট কমে ১ হাজার ৬৯৮ পয়েন্টে নেমেছে।
প্রধান সূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৪৪টি এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৯২ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১০৬ কোটি ৯৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৫৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসেফিক ইনসিওরেন্সের ৩৬ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৯৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইনসিওরেন্স।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্স, বেক্সিমকো, রিপাবলিক ইনসিওরেন্স, এক্সপ্রেস ইনসিওরেন্স, ব্র্যাক ব্যাংক, পিপলস ইনসিওরেন্স এবং এডিএন টেলিকম।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৬টির এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।