শহরের ট্রেন চলাচলের সময় গেট ব্যারিয়ার ফেলা হচ্ছে না। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ ও যানবাহন। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা যাত্রী ও গাড়িচালকদের। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, ব্যারিয়ারটি বিকল হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রবিবার রাতে সরেজমিনে শহরের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন গেটে দেখা গেছে, রাস্তার দক্ষিণ পাশে গেট ব্যারিয়ার ফেলা হলেও উত্তর পাশে ফেলা হয়নি। এতে উত্তর পাশে যানবাহন ও যাত্রীরা প্রায় ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রেনলাইনের কর্মকর্তা ও সাধারণ মানুষ হাত দিয়ে যানবাহন থামানোসহ যাত্রীদের লাইন ক্রসিং না করার জন্য বাধা দিচ্ছেন। স্থানীয়রা জানান, ‘কয়েক দিন ধরেই দেখছি এক পাশের গেট ব্যারিয়ার ফেলা হলেও অন্য পাশে ফেলে না। কেন ফেলছে না কিছু জানায়নি। এমন ঘটনা এর আগেও হয়েছে। কয়েক দিন যেতে না যেতেই আবারও সমস্যা দেখা দেয়।’
কাভার্ড ভ্যানচালক ফেরদাউস বলেন, ‘ট্রেন আসছে কিন্তু গেট ব্যারিয়ার না ফেলার কারণে ঠিক বুঝতে পারছিলাম না। পরে স্থানীয় লোকজন হাত ইশারা দিয়ে গাড়ি থামাতে বললেন। যতক্ষণে গাড়ি থামিয়েছি ততক্ষণে প্রায় লাইনের কাছে চলে যাই। পরে পেছনে ব্রেক করে গাড়ি নির্দিষ্ট নিরাপদ দূরত্বে থাকি।’ নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, ‘কয়েক দিন আগে গেট ব্যারিয়ারের চেইন ছিঁড়ে যায়। যার ফলে ব্যারিয়ারটি ফেলা যাচ্ছে না। মূলত একটি হাতল দিয়ে ঘুরিয়ে দুটি ব্যারিয়ার নামানো-ওঠানো হতো। এখন চেইনটি ছিঁড়ে যাওয়ায় একটি কাজ করলেও অন্যটি ফেলা যাচ্ছে না। ইতিমধ্যে এটি মেরামতের জন্য ঊর্ধ্বতনদের জানিয়েছি। দ্রুত এটি ঠিক করা হবে।’