মশা নিধনে চতুর্থ দফা চিরুনি অভিযানের প্রথম দিনে ৯৪টি স্থাপনায় এডিসের লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে সংস্থাটি। গতকাল ৫৩টি ওয়ার্ডে একযোগে অভিযান শুরু করে ডিএনসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মোট ১৩ হাজার ৮২৫টি বাড়ি ও অন্য স্থাপনা পরিদর্শন করা হয়। এগুলোর মধ্যে ৯৪টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এছাড়া আরো ৮ হাজার ৭১৩টি স্থাপনায় জমে থাকা পানি পাওয়া যায়। সেগুলোতে কীটনাশক প্রয়োগ করে জমে থাকা পানি ফেলে দেওয়া হয়। আর লার্ভা পাওয়ার ঘটনায় পৃথক ১৬টি মামলায় ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে পরিচালিত চিরুনি অভিযানের মতো এ চিরুনি অভিযান পরিচালনার উদ্দেশে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি সেক্টরকে ১০টি সাবসেক্টরে ভাগ করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের একটি সেক্টরে অর্থাত্ ১০টি সাবসেক্টরে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ১০ জন মশা নিধনকর্মী এ অভিযানে দায়িত্ব পালন করছেন। ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি, স্থাপনা ও প্রতিষ্ঠানে গিয়ে কোথাও এডিস মশার লার্ভা আছে কি না, কিংবা কোথাও তিন দিনের বেশি পানি জমে আছে কি না, কিংবা ময়লা-আবর্জনা আছে কি না, যা এডিস মশার বংশবিস্তারে সহায়ক, তা পরীক্ষা করা হচ্ছে এ অভিযানে।