উচেচ্ছদ অভিযানে বাধা, দুই জনকে কারাদণ্ড

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন ফুটপাতের ওপর অবৈধভাবে স্থাপিত কাঁচাবাজার এবং দক্ষিণ সিটির অঞ্চল-৫-এর ৫০ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ী পাইকারি কাঁচাবাজারের অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে। গতকাল করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এই উচ্ছেদ কার্যক্রম দুইটি পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন ফুটপাতের ওপর স্থাপিত কাঁচাবাজারের পসরা সাজিয়ে বসা ২০টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করেন। সরকারি কাজে বাধা দান ও সরকারি নির্দেশ অমান্য করায় দণ্ডবিধি-১৮৬০-এর ১৮৬ ও ১৮৮ ধারা মোতাবেক মো. মিন্টু ও মো. আতিক নামে দুই ব্যক্তিকে চার দিন ও পাঁচ দিনের জেলের দণ্ডাদেশ দেওয়া হয়। ফুটপাত ও রাস্তা দখল করে কাঁচাবাজারের পসরা সাজানোয় আদালত এ সময় মোহাম্মদ হাবিব নামে এক ব্যক্তির নামে মামলা রুজু করেন এবং নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে ভ্রাম্যমাণ আদালত যাত্রাবাড়ী পাইকারি কাঁচাবাজারের অভ্যন্তরে অবৈধভাবে দখলকৃত প্রথম তলার সব অবৈধ দোকান উচ্ছেদ করেন। উচ্ছেদের পর দখলদারদের চেয়ার-টেবিলসহ অন্যান্য জিনিস স্পট নিলামের মাধ্যমে ২১ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন।