বিলস্-ডিআরইউর মতবিনিময় সভা

গৃহশ্রমিকদের স্বীকৃতি নিশ্চিতে আইএলও কনভেনশন অনুস্বাক্ষরের আহ্বান

গৃহশ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত এবং নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। অধিকার ও মর্যাদা নিশ্চিত, শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি এবং দক্ষ জনশক্তি হিসেবে তাদের সংগঠিত করতে আইএলও কনভেনশন-১৮৯ অনুস্বাক্ষর করা জরুরি বলে মত দিয়েছেন বক্তারা। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে ‘গৃহশ্রমিকদের শোভন কাজ সংক্রান্ত আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থনের প্রয়োজনীয়তা ও করণীয়’ শীর্ষক গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস্ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে সহযোগিতা করে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। 

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আইএলও কনভেনশন-১৮৯ যে সম্মেলনে গৃহীত হয়েছে সেখানে সভাপতি ছিল বাংলাদেশ। তাই আমাদের দায়িত্বও বেশি। গৃহশ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলে তাদের পরিচয় পত্র, মজুরি, কর্মঘণ্টা ও কর্মপরিবেশের নিশ্চয়তা পাওয়া যাবে।

বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভুঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর যুগ্ম সমন্বয়কারী শহীদুল্লাহ চৌধুরী, ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন। সভাপতির বক্তব্যে বিলস্ মহাসচিব ও নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খান বলেন, আইএলও কনভেনশন-১৮৯ অনুস্বাক্ষর করলে দেশেই নয় বিদেশে থাকা বাংলাদেশের নারী শ্রমিকদেরও সুরক্ষা নিশ্চিত হবে।