শেবাচিমে ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি অব্যাহত

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি গতকাল সোমবারও অব্যাহত ছিল। তৃতীয় দিনের মতো চলা ধর্মঘটে স্বাভাবিক চিকিত্সাসেবা বিঘ্নিত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও অভিভাবকরা।

জানা গেছে, হাসপাতালের মেডিসিন ইউনিট-৪-এর সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খানের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত শনিবার দুপুর ২টা থেকে ধর্মঘট শুরু করেন ইন্টার্ন চিকিত্সকরা। এর আগে ইন্টার্ন চিকিত্সক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সজল পান্ডেসহ ১০ ইন্টার্ন চিকিত্সকের বিরুদ্ধে নিজেকে মারধরের অভিযোগে বৃহস্পতিবার রাতে মামলা করেন মাসুদ খান। এদিকে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি সোমবার দিনভর উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে। আজ মঙ্গলবার দুপুরের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তদন্ত কমিটির অন্যতম সদস্য শের-ই-বাংলা মেডিক্যালের উপ-পরিচালক ডা. জসিম উদ্দিন।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতিতে পুরো হাসপাতালের চিকিত্সাব্যবস্থা ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন চিকিত্সা নিতে আসা রোগী ও অভিভাবকরা। ডা. সজল পান্ডে জানান, ইন্টার্ন চিকিত্সকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবি মেনে নিলেই তারা কাজে যোগ দেবেন। হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, রোগীদের জিম্মি করে ইন্টার্নদের কর্মবিরতি যৌক্তিক নয়। মানুষ যে কষ্ট পাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।