কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে তিনটি ডাম্বসহ আট ফেরি চলাচল শুরু

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে তিনটি ডাম্ব ফেরিসহ মোট আটটি ফেরি চলাচল করছে। গতকাল সোমবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ নৌ-রুটে তিনটি ডাম্ব ও দুটি কেটাইপ, দুটি মিডিয়াম ও একটি ছোট ফেরি চলাচল করতে দেখা গেছে। ফেরিগুলো জাজিরা পয়েন্টের পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে চলাচল করছে। এতে পারাপারে আগের চেয়ে প্রায় আধ ঘণ্টা সময় বেশি ব্যয় হচ্ছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, নাব্যতা সংকটে দীর্ঘদিন ধরেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়। দীর্ঘ ২২ দিন টানা বন্ধ থাকার পর গত শুক্রবার সকাল থেকে জাজিরা পয়েন্টের পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে পরীক্ষামূলকভাবে দুটি কেটাইপ, দুটি মিডিয়াম ও একটি ছোট ফেরি চলাচল শুরু করে। গতকাল থেকে তিনটি ডাম্ব ফেরি চলাচলও শুরু হয়।               তবে ফেরিগুলো ধারণক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে নতুন চ্যানেল দিয়ে চলাচল করায় আগের চেয়ে প্রায় আধ ঘণ্টা সময় বেশি লাগছে। ২২ দিন পর দিনের বেলা সীমিত আকারে ফেরি চলাচল করলেও সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখা হতো। তবে রবিবার সন্ধ্যার পর থেকে দুই-তিনটি ফেরি চালু রেখেছে কর্তৃপক্ষ। সন্ধ্যার পর চলাচলকারী ফেরিগুলো অধিক সতর্কতা অবলম্বন করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ফেরি চলাচল এখনো স্বাভাবিক না হওয়ায় উভয় ঘাটে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। এদিকে নাব্যতা সংকটের কারণে এ রুটে চলাচলকারী লঞ্চ ও স্পিটবোটগুলো প্রায়ই ডুবো চরে আটকে যাচ্ছে।