বুড়িমারী কেন্দ্রীয় মসজিদের খাদেমসহ আরো পাঁচ জন গ্রেফতার

পাটগ্রামের বুড়িমারীতে গত বৃহস্পতিবার আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মসজিদের খাদেমসহ আরো পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার মধ্যরাতে তাদের গ্রেফতারের বিষয়টি গতকাল সোমবার নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জন গ্রেফতার হলো।

সর্বশেষ গ্রেফতারকৃতরা হলেন :বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জোবেদ আলী (৬০), বুড়িমারী ইউনিয়নের মেহেদী হাসান রাজু (১৯), আনোয়ার হোসেন (৫৫), মানিকুজ্জামান মানিক (২৬) ও মেরাজুল ইসলাম নেইমার (১৭)। তাদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় গত শনিবার নিহতের চাচাতো ভাই সাইফুল আলম বাদী হয়ে একটি ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত একটি এবং থানার পুলিশের এসআই সাজাহান আলী বাদী হয়ে একটিসহ মোট তিনটি মামলা দায়ের করেন। ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের দুই সদস্যের তদন্ত টিম ও জেলা প্রশাসকের গঠিত তিন সদস্যের তদন্ত টিমসহ সিআইডি ও ডিবি পুলিশের টিম নিবিড়ভাবে অপরাধীদের তথ্য উদ্ঘাটনে কাজ করছে। বুড়িমারী ও পাটগ্রাম উপজেলা জুড়ে র্যাব, বিজিবি ও বিপুলসংখ্যক পুলিশের টহল অব্যাহত রয়েছে।

অন্যদিকে গত শনিবার গ্রেফতারকৃতরা হলেন মাসুম আলী (৩৫), শফিকুল ইসলাম (২৫), আশরাফুল আলম (২৩), রফিক (২০) ও বায়েজিদ (২৫)। রবিবার সন্ধ্যায় আমলি আদালত-৩-এ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মাহমুদুন্নবী পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম গতকাল রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গতকাল আদালত এক দিন পিছিয়ে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে বলে আদালত সূত্র জানিয়েছে।