গোয়ালন্দে প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। ব্যবসায়ী শরিফুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাসহ ছয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ছয়-সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, নজরুল ইসলাম মন্ডলের ভাই মোস্তফা মন্ডল, শাওন মন্ডল, কাশেম আলী খা ও মাসুদ মোল্লা।
বাদী শরিফুল ইসলাম জানান, দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে ব্যক্তি মালিকানাধীন জমি লিজ নিয়ে তিনি কয়লা, পাথরসহ নির্মাণসামগ্রী ব্যবসা শুরুর উদ্যোগ নেন। এক মাস আগে সেখানে কাজ শুরু করলে অভিযুক্তরা তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং নির্ধারিত চাঁদা পরিশোধ না করলে প্রাণনাশের হুমকি ও ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানান। গত ৩১ অক্টোবর আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে চাঁদার দাবিতে এক শ্রমিককে মারধর করে। বিষয়টি জানতে পেরে তিনি তার মামাকে নিয়ে ঘটনাস্থলে আসেন। এসময় তিনি দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী মোল্লা পিস্তল ঠেকিয়ে তার পকেটে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং অবশিষ্ট টাকা সাত দিনের মধ্যে পরিশোধ করতে বলেন। সেই সঙ্গে তাকে ও তার মামাকে মারপিট করে।
উল্লেখ্য, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মন্ডল আওয়ামী লীগ নেতা আবু হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।