গোয়ালন্দে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে স্কুল ছাত্রীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে মুরগীর ফার্মের সুরক্ষায় স্থাপন করা শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে খাদিজা খাতুন (৮) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরুপার চর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

খাদিজা স্থানীয় মো. মুনজু ফকিরের মেয়ে ও নলডুবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। সোমবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, স্কুল ছাত্রীর বাড়ীর পাশেই জসিম সরদারের মুরগীর খামার। শিয়াল ও কুকুরের উৎপাতের কারণে দীর্ঘ দিন ধরে খামারের চার পাশে জি,আই তারের সঙ্গে বিদ্যুতের সংযোগ দেন তিনি। গত রবিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় বান্ধবীদের সঙ্গে খেলাধুলার সময় স্কুল ছাত্রী একপর্যায়ে ওই জি,আই তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, স্কুল ছাত্রীর লাশটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

ইত্তেফাক/এসআই