দেশের চলমান পরিস্থিতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে বলেছেন. আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশে সম্প্রদায়িক সহিংসতা, নারীর প্রতি সহিংসতা, অতীতের বেশ কিছু ঘটনার মতো আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে নানা রকম গুজব এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে। এই ধরনের উগ্র ধর্মীয় মৌলবাদিতাসহ নানা রকম বিচ্ছিন্ন ঘটনা জনজীবনকে নিরাপত্তাহীন ও বিপন্ন করে তুলছে। সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায় ও নারী-শিশু এই অস্থিরতার এবং অনিশ্চয়তার শিকার হচ্ছে।
লালমনিরহাট, কুমিল্লার মুরাদনগরসহ আরো কয়েকটি স্থানে এই ধরনের দুঃখজনক, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনায় বাংলাদেশের সব সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। বাংলাদেশ মহিলা পরিষদ এসব ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করছে। আমরা এসব অপতত্পরতা বন্ধে আইসিটি ও তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি মূল ধারার গণমাধ্যমগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অপচেষ্টা রোধে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি। বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনাগুলোর দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে।