মার্কিন নির্বাচনের আগে বিশ্বব্যাপী গণতন্ত্রের ধস নিয়ে সতর্ক করলেন ইতিহাসবিদরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে লেখা এক খোলা চিঠিতে বিশ্বের বিভিন্ন দেশের ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদবিষয়ক ইতিহাসবিদরা গণতান্ত্রিক ব্যবস্থার পতন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তারা বলছেন, গণতন্ত্রের এই সংকট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে আসেনি, আবার তার দ্রুত বিদায়ও নেবে না। তবে গণতান্ত্রিক ধারা রক্ষার জন্য এখনো সময় আছে বলে মনে করছেন তারা। এজন্য জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮০ জনেরও বেশি অধ্যাপক ও স্কলার রবিবার প্রকাশিত ঐ চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী গণতন্ত্র নাজুক অবস্থায় আছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোন না কেন তাতে কোনো পরিবর্তন আসবে না। ডোনাল্ড ট্রাম্প একজন ফ্যাসিস্ট, পোস্ট ফ্যাসিস্ট পপুলিস্ট, কর্তৃত্ববাদী শাসক কিংবা ভীষণ সুবিধাবাদী-যাই হোন না কেন, তিনি দায়িত্ব নেওয়াতেই যে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে তা নয়। ২০২০ সালের ৩ নভেম্বরের পর যে সে হুমকি কেটে যাবে তাও নয়।

তারা মনে করেন, শুধু ব্যালট বাক্সের ভেতরে গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিতের জন্য জনগণকে তৈরি হলে চলবে না, প্রয়োজনে তাদেরকে রাস্তায় অসহিংস বিক্ষোভে নামতে হবে।