সহিংসতার আশংকায় হোয়াইট হাউজে বেড়া

যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সহিংসতার আশংকা করছে নিরাপত্তা সংস্থাগুলো। এজন্য দেশ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি হোয়াইট হাউজের বেড়ার চারপাশে আবার স্টিলের তৈরি তারের বেড়া দেওয়া হয়েছে। খবর সিএনএনের

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গ্রীষ্মে বর্ণবাদবিরোদী আন্দোলনের সময় যেভাবে বেড়া দেওয়া হয়েছিল, এবারো সেভাবে বেড়া দেওয়া হয়েছে। এনবিসি নিউজ এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। তবে সিক্রেট সার্ভিস নিরাপত্তা ইস্যুতে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সূত্র জানায়, বেড়া এইচ স্ট্রিট থেকে লাফায়েত স্কোয়ার হয়ে ফিফটিন্থ স্কোয়ারে যাবে। ৪ নভেম্বর যদি নির্বাচনের কোনো ফল না পাওয়া যায় তাহলে সহিংসতার আশংকা আছে। ওয়াশিংটন ডিসির মেট্রো পুলিশ প্রধান পিটার নিউশ্যাম গত মাসেই সতর্ক করেছিলেন যে, নির্বাচনকে ঘিরে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বর্ণের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও বেড়া দেওয়া হয়েছে। কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, সহিংসতার সময় বিভিন্ন দোকানে লুটপাট হয়। নিরাপত্তা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদান করছে।