ফুল

কুঞ্জলতা

লেখা ও ছবি : নূর আলম গন্ধী

 

লতাজাতীয় ফুলগাছ। তরুলতা, কামলতা, তারালতা, গেইট ফুল, গেইট লতা, সূর্যকান্তি, জয়ন্তী ফুল ইত্যাদি নামেও পরিচিত। পৃথিবীর প্রায় সব অঞ্চলে কুঞ্জলতা পাওয়া যায়। এই ফুল সকালে ফোটে বলে সূর্যকান্তি, পাঁচকোণা বিশিষ্ট তারকাকৃতির জন্য তারালতা, বাসা-বাড়ির গেইট বেয়ে ওঠে বলে গেইট লতা বা গেইট ফুল নামকরণ।

কুঞ্জলতা বর্ষজীবী লতা। লম্বায় গড়ে ১ থেকে ৩ মিটার হয়ে থাকে। পাতা লম্বায় ২ থেকে ৯ সেন্টিমিটার, গভীরভাবে খণ্ডিত, পাতার প্রত্যেক পাশে থাকে ৯ থেকে ১৯ টি খণ্ড। ফুল ৩ থেকে ৪ সেন্টিমিটার লম্বা এবং ২ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। মাইক আকৃতির ফুল পাপড়িতে ৫টি সূচালো অগ্রভাগ থাকে, যা দেখতে তারকার মতো।

ফুটন্ত ফুল খুবই নজরকাড়া। তবে গন্ধহীন। লাল, গোলাপি ও সাদা রঙের হলেও লাল রঙের ফুলই বেশি দেখা যায়। ফুল ফোটা শুরু হয় গ্রীষ্মকালে এবং এর ব্যাপ্তি হেমন্তকাল পর্যন্ত। ফুল শেষে ছোট আকৃতির ফল ধরে। ফলের ভেতর থাকে বীজ। পরিপক্ব বীজের রং কালো। বীজ থেকে বংশ বিস্তার করা হয়। বাউনি ছাড়া এ ফুল গাছ টিকে থাকতে পারে না।