জানুয়ারিতে সভাপতি নির্বাচন
স্পোর্টস ডেস্ক
অর্থনৈতিক সংকটের তীব্র চাপে আছে বার্সেলোনা। সম্প্র্রতি ক্লাবটির অন্তর্বর্তীকালীন সভাপতি কার্লোস টুস্কেটস জানিয়েছেন, অনতিবিলম্বে ৩০০ মিলিয়ন ইউরো ব্যয় এড়াতে না পারলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে ক্লাবটির। তবে দেউলিয়াত্বের শঙ্কা নেই ক্লাবে, জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন জানুয়ারিতে হবে সভাপতি নির্বাচন।
ক্লাবের আনুষ্ঠানিক সদস্যদের তীব্র চাপে কিছুদিন আগেই পদত্যাগ করেন ক্লাবটির সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ। অন্তর্বর্তীকালীন সভাপতির ভার পরে কার্লোস টুস্কেটসের কাঁধে। দায়িত্ব নেওয়ার পরই দেউলিয়াত্ব এড়ানোর বড় চ্যালেঞ্জ এসে পড়েছে তার সামনে।
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমে এসে টুস্কেটস এ ব্যাপারটি জানান। তিনি বলেন, ‘আমরা কারো কাছ থেকে অর্থ নিতে চাচ্ছি না। স্বল্পমেয়াদি ব্যয় কমানোয় মনোযোগী হতে হবে আমাদের। খেলোয়াড় ও ক্লাবের সব স্টাফদের সঙ্গে বেতন কমানোর ব্যাপারে সম্মতিতে পৌঁছাতে হবে আমাদের। বর্তমানে বন্ধ হয়ে যাওয়া আয়ের খাতগুলোর দিকে তাকিয়ে ব্যয় কমাতে হবে।’
মূলত করোনার কারণে দর্শক ও ক্লাবে পর্যটক আসা বন্ধ হয়ে যাওয়াতেই বড় সমস্যায় পড়েছে বার্সা। গেল মৌসুমেই এ খাত থেকে ২২০ মিলিয়ন ইউরো আয় করেছিল ক্লাবটি, যা এ বছর অসম্ভব।
তবে এতো কিছুর পরেও দেউলিয়াত্বের শঙ্কায় নেই ক্লাবটি। টুস্কেটস বলেন, ‘এখন পর্যন্ত এটা আমাদের বাস্তবতা নয়।’ বার্তোমিউর পদত্যাগের অনেক আগ থেকেই বার্সায় বহুল আকাঙ্ক্ষিত এক বস্তু ছিল সভাপতি নির্বাচন। তার একটা সম্ভাব্য দিনক্ষণও ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত বার্সা সভাপতি, ‘স্থানীয় সরকারের সঙ্গে এখনো কথা হয়নি আমাদের। তবে যে তথ্য আমাদের কাছে আছে তাতে বোঝা যাচ্ছে নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন সম্ভব নয়। ফলে জানুয়ারিতে হওয়ার জোর সম্ভাবনা আছে নির্বাচনটি।’