বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নরডিক রাষ্ট্রগুলো

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে অধিকহারে বিনিয়োগ করতে চায় নরডিক রাষ্ট্রসমূহ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) মিলনায়তনে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত  নরডিক রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূতগণ। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রুপ   পিটারসন, নরওয়ে রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময়ে তারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, কোভিড-১৯ কালীন সেবা, অগ্রগতি ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আলোচনায় বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমরা এক ছাদের নিচে সব বিনিয়োগসেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি। বর্তমানে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় ২১টি সেবা দেওয়া হচ্ছে। এ বছরের শেষ নাগাদ আরো ২৫টি সেবা এবং আগামী বছরের মধ্য ৩৫টি সংস্থার মাধ্যমে ১৫৪টি সেবা দেওয়ার পরিকল্পনা বিডার রয়েছে।

আলোচনাকালে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে যার ফলে তার দেশ বাংলাদেশে বিনিয়োগ ও পুনর্বিনিয়োগে আগ্রহী। এ সময়ে সুইডেনের রাষ্ট্রদূত বাংলাদেশে কৃষি ও খাদ্যশিল্প খাতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ এক বিশাল বাজার এবং মানুষের ক্রয়ক্ষমতাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে যা সুইডেনে ব্যবসায়ীদের বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করে তুলেছে। নরওয়ের রাষ্ট্রদূত বলেন, নরওয়ে সব সময়ই বাংলাদেশের উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করে আসছে, বিশেষ করে টেলিযোগাযোগ খাতে নরওয়ের বিশাল বিনিয়োগ রয়েছে। বর্তমানে নরওয়ে বাংলাদেশে গ্রিন টেকনোলজি, সোলার এনার্জি, পাট ও পাটজাত দ্রব্যে বিপুল বিনিয়োগে আগ্রহী। সাক্ষাত্কালে বিডার নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, মহাসিনা ইয়াসমিন ও অভিজিত চৌধুরী উপস্থিত ছিলেন।