টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলেও কমেছে লেনদেন

ইত্তেফাক রিপোর্ট সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবসে সূচকটি বাড়ল ৮৯ পয়েন্ট। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৭০টি এবং ৭৬টির দাম অপরিবর্তিত। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৯৫ কোটি ১২ লাখ টাকা।  অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২২টির এবং ৫১টির দাম অপরিবর্তিত।