তালগাছের কী দোষ?

বগুড়ার আদমদীঘি এলাকায় অপরিকল্পিত বিদ্যুতায়নে নির্বিচারে তালগাছ কাটা হচ্ছে। দুর্যোগ সহনীয় এসব তালগাছ অকালে মরে যাওয়ার ফলে এলাকায় বজ্রপাতসহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। পিডিবি ও আরইবি রাস্তা-রেললাইনের পাশ দিয়ে বিদ্যুত্ সংযোগ দিয়েছে। আর বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে বিশেষ করে তালগাছের মাথা কেটে ফেলা হচ্ছে! সরকারি জায়গায় গাছগুলো হওয়ায় এর প্রতিবাদে কেউ এগিয়ে আসেন না। সম্প্রতি উপজেলার নসরতপুর রেললাইন ও সাঁওইল সড়কসহ কয়েকটি স্থানে শতাধিক তালগাছের মাথা কেটে ফেলা হয়েছে। এতে গাছগুলো মরে যাচ্ছে। অথচ তালগাছ দুর্যোগ সহনীয় হওয়ায় সরকারি উদ্যোগে এ গাছ রক্ষা ও বেশি বেশি তালগাছের চারা রোপণের কথা বলা হচ্ছে। পরিশেষে, এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

সাকলাইন লেনিন

আদমদীঘি, বগুড়া