পুবাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নেই

গাজীপুর জেলার পুবাইল থানায় ছোট বড় মিলিয়ে হাজারখানেক কলকারখানা  রয়েছে। হালনাগাদ প্রায় আশি হাজার ভোটার, স্থায়ী ও অস্থায়ী প্রায় ৫ লাখ মানুষের বসবাস। ঝুপড়ি ঘর থেকে শুরু করে বহুতল ভবনও  চোখে পড়ার মতো। অগ্নিকাণ্ডে মূল্যবান সম্পদ পুড়ে ছাই হয়ে যায়, সময়মতো পাওয়া যায় না ফায়ার সার্ভিস। টঙ্গী, কালিগঞ্জ, গাজীপুর, রূপগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে এসে অগ্নিকাণ্ড, র্দুঘটনা বা দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় কাজ করে থাকে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে গেলে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসতে যে সময় প্রয়োজন হয়, এর মধ্যে অগুন লাগা স্থাপনা, সম্পদ, জ্বলেপুড়ে ছাই হয়ে যায়। পুবাইল মিরেরবাজার থেকে রূপগঞ্জ প্রায় ৪০ কিলোমিটার, টঙ্গী ৮ কিলোমিটার, কালিগঞ্জ ৯ কিলোমিটার, গাজীপুর ৮ কিলোমিটার—প্রায় একই দূরত্বে থাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্ঘটনার সংবাদে সময়মতো পৌঁছতে পারে না। পুবাইল মিরেরবাজার চৌরাস্তায় চতুর্মুখী যানজটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও নানা দুর্যোগে পুবাইলবাসীর ক্ষতি হয়েছে ব্যাপক। পুবাইলের মধ্যস্থল মিরেরবাজারের আশপাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জিয়াউল হক সরকার

পুবাইল, গাজীপুর