শোক ও শ্রদ্ধায় চার নেতাকে স্মরণ

জেলহত্যা দিবস

ইত্তেফাক ডেস্ক

যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার সারা দেশে জেলহত্যা দিবস পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবর।

রাজশাহী : রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শহিদ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সেখানে জাতীয় চার নেতা শহিদ সৈয়দ নজরুল ইসলাম, শহিদ তাজউদ্দীন আহমদ, শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও শহিদ এ এইচ এম কামারুজ্জামান হেনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।

কিশোরগঞ্জ : শহিদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে জেলা শহরে বিশাল শোকর্যালি বের করা হয়। এছাড়া শহিদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান সাজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল প্রমুখ।

ময়মনসিংহ : নগরীর কলেজ রোডে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসক মিজানুর রহমান, বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদ মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা তরফদার প্রমুখ শোকর্যালি বের করেন। পরে তারা কলেজ রোডে শহিদ সৈয়দ নজরুল ইসলামের বাসভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও শহিদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে আলোচনাসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন তাজউদ্দীন আহমদের মেয়ে ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

সিরাজগঞ্জ : শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম রওশন কবির প্রমুখ।

চট্টগ্রাম :নগরীর থিয়েটার ইনস্টিটিউটের চট্টগ্রাম মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। এছাড়া আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।

মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশাল : জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সদর বিবির পুকুরের দক্ষিণ পাড়ে আওয়ামী লীগ কার্যালয়সংলগ্ন চত্বরে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় মহানগরের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ কার্যালয়ে জেলার সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।