বটিয়াঘাটায় চাষ বাড়ছে সুগন্ধি ধানের

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা

বটিয়াঘাটায় চলতি আমন মৌসুমে চাষ হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান-৯০। কৃষক পর্যায়ে পরীক্ষামূলকভাবে চাষ করা এই উচ্চফলনশীল আধুনিক জাতের সুগন্ধি ধানের বাম্পার ফলন হয়েছে। চিকন দানার এই সুগন্ধি ধানের হেক্টরপ্রতি উত্পাদন পাঁচ টন হওয়ায় এলাকায় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যেসব জমি মাঝারি উঁচু এবং উঁচু সেখানে এ ধান চাষ করে মধ্য কার্তিকেই ধান কাটা যায়।  গুপ্তমারি গ্রামের কৃষক রণজিত রায় এবার প্রথম এ ধানের চাষ করেন। তার তিন কাঠা বর্গা জমিতে তিন মণ ফলন পাওয়ায় খুবই খুশি। বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম বলেন, ব্রি-৪৯ জাতের ধান হেক্টরপ্রতি চার থেকে সাড়ে চার টন উত্পাদন সম্ভব। তবে ব্রি-৯০ জাতের ধান প্রতি হেক্টরে সাড়ে পাঁচ টন ফলান যায়। তাছাড়া এ জাতের ধান আগাম পাকে। আগামী আমন মৌসুমে উপজেলার সর্বত্র উঁচু জমিতে কৃষকরা এ ধান চাষে আগ্রহী। কৃষি দপ্তর থেকে এ ব্যাপারে সার্বিক সহায়তা দেওয়া হবে।