বাড়ির ছাদ থেকে পড়ে নিহত ১

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ীতে বাড়ির ছাদ থেকে পড়ে মাহফুজুর রহমান (৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম গৌরিপাড়া এলাকায় বাড়ির ছাদের ওপর পানির ট্যাংকির লাইন পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা একরামুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। দ্রুত তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহমাদুল হাসান বলেন, এ বিষয়ে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।