নওগাঁয় প্রতারণার দায়ে নারীসহ গ্রেফতার ৫

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন নারীসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার রাতে জয়পুরহাট জেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে নওগাঁর অফিসে এমন তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নওগাঁর পুলিশ সুপার নয়মুল হাসান।

আটককৃতরা হলো—রুপালি খাতুন কণা, কামরুল ইসলাম, সুরাইয়া খাতুন, শাহারুল ইসলাম রাজু ও আজেদা বেগম। তাদের সবার বাড়ি জয়পুরহাটে। পুলিশ সুপার নয়মুল হাসান আরো জানান, এই ঘটনায় সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।